প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস জানিয়েছে যে, লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে যদি কেউ অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হবার পর ইতালি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
সোমবার দূতাবাস এক বার্তায় জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায়, যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করবে, তাদের সীমান্তেই আটক করা হবে এবং নিজ দেশে ফিরিয়ে পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার কোনো সুযোগ পাবে না।
দূতাবাস আরও জানিয়েছে যে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করার কারণেই সতর্ক করা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে যে, ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হচ্ছে। তবে এসব সুবিধা পেতে হলে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ইতালিতে যেতে আগ্রহী প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে যে, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। এর মাধ্যমে ঝুঁকি এড়ানো সম্ভব হবে এবং আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন