প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে চায়। এই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কিমের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কয়েক দিন পর এসেছে।
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়।
নতুন নিয়োগ পাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে কিম এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। সাধারণত রাষ্ট্রপ্রধানের পরিবর্তে সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা এই দায়িত্ব পালন করেন, তবে এবার কিম নিজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেছেন, ‘স্বাধীনতা, শান্তি ও বন্ধুত্বের আদর্শকে ধারণ করে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার নীতিতে অটল থেকে বিদেশি সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়ন করাই পিয়ংইয়ংয়ের কূটনৈতিক লক্ষ্য।’
গত সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে চীন সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার সেই প্রচেষ্টা সফল হয়নি।
বৃহস্পতিবার এশিয়া সফর শেষে দেশে ফিরে আসেন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেও কিমের সঙ্গে তার দেখা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে কিম বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রত্যক্ষ করছে বিশ্ব।’
তিনি আরও বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কে আমাদের উপলব্ধিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।’
কিম উল্লেখ করেন, ‘উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার কিংবা ভূখণ্ড সম্প্রসারণের নীতি অনুসরণ করে না।’
এ সময় কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, আনুষ্ঠানিক পোশাক ও টাই পরা কিম রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করছেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।
অনুষ্ঠানে কিমের বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রত্যেক কূটনীতিকের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার দৃশ্যও কেসিএনএ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দিলেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানাতে কিমের সরাসরি উপস্থিতিকে উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ‘ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে বিচলিত না হয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানানোর মধ্য দিয়ে উত্তর কোরিয়া এমন এক কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছে, যাকে বহুমেরুকেন্দ্রিক ও সার্বভৌমত্বভিত্তিক কূটনীতি বলা যেতে পারে।’
তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে সক্রিয়ভাবে প্রভাবিত করার বিষয়ে কিমের আগ্রহও প্রকাশ পেয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে কিম ও তার মধ্যে কয়েক দফা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে এসব বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি হয়নি।
জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটি আইন করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।
এ ছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানোর মাধ্যমে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন