প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গোপালগঞ্জে এক তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা প্রশাসক (ডিসি) বলেন, ‘দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ফল মেলার গুরুত্ব অপরিসীম।’ তিনি আরও জানান, ‘দেশীয় ফলের উৎপাদন ও বিপণন বাড়াতে আগামীতে এই মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কথা বলা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ (এসপি) ফলের অপরিসীম পুষ্টিগুণের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ‘সুস্থ ও সবল জীবনের জন্য আমাদের প্রতিনিয়ত ফল খেতে হবে।’ কিন্তু তিনি উল্লেখ করেন, দৈনিক পুষ্টির চাহিদার তুলনায় জনসাধারণের মধ্যে দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম। একই সঙ্গে তিনি বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় ফল বেশি বেশি খাওয়ার আহ্বান জানান।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যে আয়োজিত মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, উদ্যোক্তা ও ফল চাষিরা অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন