প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি নভেম্বর মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের জন্য দিন তারিখ নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা–কক্সবাজার–মাসকাট রুটে এবং মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এছাড়া, দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি এয়ারলাইনস। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকরা সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন। গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম চালুর জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন যাত্রী টার্মিনাল নির্মাণ ও রানওয়ে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় অফিসের জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের তারিখ নির্ধারণের পরই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বর মাস থেকেই ঢাকা–কক্সবাজার–মাসকাট এবং মাসকাট–কক্সবাজার–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই দুবাই–ব্যাংকক–কক্সবাজার এবং কক্সবাজার–ব্যাংকক–দুবাই রুটে ফ্লাইট চালানোর আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী সময়ে কক্সবাজার–ফুকেট রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এয়ার অ্যাস্ট্রা ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সভায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর যাত্রী আকৃষ্ট করতে বিশেষ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিনিধি হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে প্যাকেজ, বিশেষ ছাড় এবং বিভিন্ন সুবিধা চালুর পরামর্শ দেন। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি এয়ারলাইনসগুলোকে কক্সবাজারমুখী করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যে কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিভিন্ন এয়ারলাইনসকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির সিদ্ধান্ত হয়েছে। এতে সম্ভাব্য পর্যটক ও যাত্রী চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় কৌশল তুলে ধরা হবে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনার বিস্তারিত তথ্য দ্রুত মন্ত্রণালয়ে জমা দিতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।
কক্সবাজার সদর রামুর এমপি লুৎফুর রহমান কাজল মন্তব্য করেছেন, সরাসরি আন্তর্জাতিক আকাশ যোগাযোগ চালু হলে বিদেশি পর্যটক ও প্রবাসী বাংলাদেশিদের কক্সবাজার ভ্রমণ অনেক সহজ হবে। এতে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে এ উদ্যোগ সফল করতে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ এবং যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক রুট চালু করা জরুরি। পাশাপাশি পর্যটনসেবার মান উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন