প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও নির্বাচনী কার্যক্রমে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওজিএমে ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যরা অংশ নেন। নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আছিফ-জাহাঙ্গীর পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী মন্তব্য করেন, সদস্যরা তাদের ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান তারা।
তিনি জানান, সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, রক্তসেবা ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সদস্যদের আস্থা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।
এ দায়িত্বকে মানবিক সেবার আরও বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।
তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। দুর্যোগ মোকাবিলা, রক্তসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন