প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণের আগে মন্তব্য করেছেন আর্জেন্টিনা ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল। তিনি ইংরেজদের ‘দখলদার জলদস্যু’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লেখেন, "আমরা সেই দখলদার জলদস্যুদের বিরুদ্ধে খেলব। এটি কেবলই আরেকটি সাধারণ ম্যাচ নয়।" দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যা স্প্যানিশ ভাষায় ‘মালভিনাস’ নামে পরিচিত, তা নিয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের প্রেক্ষাপটেই এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভিলারুয়েল আরও বলেন, "আমি কোনো রাজনৈতিক শিষ্টাচার বা সংযত আচরণের তোয়াক্কা করছি না। ইংরেজদের বিরুদ্ধে খেলা মানেই সবসময় অন্যরকম কিছু।” তিনি আরও যোগ করেন, "এটি মালভিনাসের বিষয়, এটি দিয়েগোর (মারাডোনা) বিষয়, এটি লিও’র (মেসি) শেষ অভিযানের বিষয় এবং এটি হলো সেই দখলদারদের রুখে দেওয়ার বিষয়।”
তিনি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনা এবং বর্তমান তারকা স্ট্রাইকার লিওনেল মেসির কথা উল্লেখ করে বলেন, "এগিয়ে চলো আর্জেন্টিনা। কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের অধিকারের দাবি জানিয়ে যাব।" টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টাইন সমর্থকদের গাওয়া একটি জনপ্রিয় গানের সুরেই তিনি এই কথা বলেন।
ভিলারুয়েলের বাবা ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনার সামরিক একনায়কতন্ত্র ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধে লড়াই করেছিলেন; দ্বীপপুঞ্জটির সার্বভৌমত্ব নিয়ে বিরোধ আজও অমীমাংসিত। ৭৪ দিন স্থায়ী এই সংঘাতের সমাপ্তি ঘটেছিল ব্রিটিশদের বিজয়ের মধ্যে; এতে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ নাগরিক মারা গিয়েছিলেন।
ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি এবং বেশ কয়েকজন খেলোয়াড়ের বক্তব্যের বিপরীত; তারা এই ম্যাচের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বকে খুব একটা বড় করে না দেখার চেষ্টা করেছিলেন। স্কালোনি বলেন, "এটি নিছকই একটি ফুটবল ম্যাচ। তাই দুটির মধ্যে গুলিয়ে ফেলাটা হবে বোকামি।" মঙ্গলবার আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মন্টেওলিভা জানিয়েছেন, আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দর্শকদের স্টেডিয়ামে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংশ্লিষ্ট পতাকা বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন