প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্লবীতে প্রায় ছয় মাস আগে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) ও জেল আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করবে হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। শুনানি চলে বিকেল প্রায় ৪টা পর্যন্ত, যার মধ্যে ছিল প্রায় এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি। এই চার ঘণ্টার মধ্যে উভয় পক্ষ শুনানি সম্পন্ন করে। এর মাধ্যমে মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের রায় দিতে যাচ্ছে উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির এবং মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
রাষ্ট্রপক্ষের শুনানিতে বলা হয়, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তাঁর স্বীকারোক্তিতে অপরাধের পুরো বর্ণনা প্রকাশ পায়। এছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই আসামির কৃত অপরাধ যথাযথভাবে মূল্যায়নের পর বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
অপরাধে সহ-আসামি সোহেলের স্ত্রী স্বপ্নার ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনাটি স্বপ্না জানতেন। তিনি জানতেন বলেই তিনি তাঁর স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত। বিচারিক আদালত যথাযথ মূল্যায়নের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোহেলের সঙ্গে স্বপ্নার মৃত্যুদণ্ড বহাল রাখা উচিত।
আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই তাঁকে খালাস দেওয়া উচিত।
গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এই অপরাধের পৈশাচিকতা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে শিশুটির বাবার ক্ষোভ, হতাশা ও অসন্তোষ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার ১৯ দিন পর, ৭ জুন, মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল এবং তাঁর স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ নিষ্পত্তির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিচারিক আদালত কোনো অভিযুক্তকে মৃত্যুদণ্ডাদেশ দিলে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। এই অনুমোদনের প্রক্রিয়াকে ডেথ রেফারেন্স বলা হয়। রায় ঘোষণার পর সংশ্লিষ্ট বিচারিক আদালত থেকে দ্রুত সময়ের মধ্যে রায়সহ মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এর সঙ্গে যুক্ত হয় দণ্ডিত আসামি বা আসামিদের আপিল বা জেল আপিল। ডেথ রেফারেন্স ও আপিল ক্রমানুসারে সাজিয়ে বাঁধাই করা যে বই (ভলিউম) তৈরি করা হয়, সেটিকে পেপারবুক বলা হয়। হাইকোর্ট এই পেপারবুকের ভিত্তিতেই মামলা নিষ্পত্তি করে থাকে।
গত ৯ জুন এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। পরে ১১ জুন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন সোহেল ও স্বপ্না। ১৪ জুন তাঁদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। ১৬ জুন তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেন আদালত। এরপর সোহেল-স্বপ্না দম্পতির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয় সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন