প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, প্রায় ৪০০ বছর ধরে বিভিন্ন ধর্মের লোকজন দোয়া ও প্রার্থনার জন্য পীর বাবার মাজারে আসছেন। বর্তমানে একটি জাতীয় মহাসড়ক নির্মাণের হাত থেকে মাজারটিকে রক্ষা করতে তারা দিনরাত অবস্থান করছেন।
বিহারের হায়াঘাট ব্লকের চন্দনপট্টি-রঘুনাথপুর এলাকায় ‘মাজার বাঁচাও সংগ্রাম মোর্চা’র নেতৃত্বে নারী, পুরুষ ও শিশুরা তাবু টানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসেছেন। ঘটনাস্থলে দেখা যায়, বয়স্ক নারীরা তরুণীদের পাশে বসে আছেন এবং পুরুষরা একটি ব্যানারের নিচে বিশ্রাম নিচ্ছেন। ব্যানারটিতে উল্লেখ করা হয়েছে, মাজারটি সব জাতি ও ধর্মের মানুষের বিশ্বাসের স্থান।
আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে রাজেশ নামে এক হিন্দু যুবক মাজারটির নিরাপত্তার জন্য দোয়া কামনায় পীর বাবার মাজারে ‘কোরআনখানি’-র আয়োজন করেছেন। দ্য অবজারভার পোস্টের হাতে আসা জেলা প্রশাসনের একটি চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাসীন ও বিরোধী—উভয় দলের নেতারা এবং সব সম্প্রদায়ের লোকজন মাজারটির প্রতি তাদের শ্রদ্ধা ও বিশ্বাস জানাতে সেখানে উপস্থিত হয়েছেন।
গ্রামবাসীদের প্রধান অভিযোগ হলো, সড়কটির নকশা উদ্দেশ্যমূলকভাবে মাজারের দিকে সরিয়ে আনা হয়েছে। তারা জানান, ২০২০ সালে যখন ৫২৭ই জাতীয় মহাসড়কের দ্বারভাঙ্গা-রোসেরা অংশের নকশা চূড়ান্ত করা হয়েছিল, তখন সেটি মাজার থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিল এবং এতে মাজারের ক্ষতির সম্ভাবনা ছিল না।
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, পরবর্তীতে মহাসড়কের অ্যালাইনমেন্ট পরিবর্তন করে মাজারের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং ২০২৫ সালের সংশোধিত মানচিত্রে মাজারটিকে সরাসরি সড়কের সীমানার ভেতরে ফেলা হয়েছে। তারা এই পদক্ষেপকে মাজারটি গুঁড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করছেন এবং উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সাথে এর মিল খুঁজে পাচ্ছেন।
একজন গ্রামবাসী জানান, জেলা প্রশাসন নিজেই সড়ক নির্মাণ বিভাগকে চিঠি লিখে সড়কের গতিপথ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনার জমিতে একটি মাজার, একটি কবরস্থান, একটি পেট্রোল পাম্প এবং একটি স্কুল রয়েছে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে মাজার কমিটির সাথে চার দফা বৈঠকের পর প্রশাসন মনে করছে যে, সড়কের গতিপথ পরিবর্তন করাই ‘যৌক্তিক বলে প্রতীয়মান হয়’।
তবে আগস্ট মাসে এই প্রকল্পে কর্মরত এক নির্বাহী প্রকৌশলী তার প্রতিবেদনে জানান, এই রুটের ৭০ শতাংশেরও বেশি জমির ক্ষতিপূরণ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখন নকশা পরিবর্তন করলে প্রকল্পে বিলম্ব হবে এবং ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থের অপচয় হতে পারে। এই যুক্তিতে তিনি প্রস্তাবটি ফেরত পাঠান। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) মতে, নকশা বদলাতে হলে প্রায় দুই কিলোমিটার পেছন থেকে কাজটি আবার শুরু করতে হবে।
গ্রামবাসীদের দাবি, প্রশাসন তাদের পছন্দের যেকোনো স্থানে ছাউনিসহ মার্বেল পাথর দিয়ে মাজারটি পুনর্নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু গ্রামবাসীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ২২ আগস্টের বৈঠকে কবরস্থান কমিটি ও গ্রামবাসীরা আলোচনা থেকে সরে আসেন এবং অবস্থান ধর্মঘট শুরু করেন।
এই আন্দোলনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারাও সমর্থন দিয়েছেন। বিহারের সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহনি, স্বতন্ত্র সংসদ সদস্য পাপ্পু যাদব, কংগ্রেস নেতা ও সাবেক বিধায়ক শাকিল আহমদ খান এবং সাবেক বিধায়ক ফারাজ ফাতমি মাজার রক্ষায় গ্রামবাসীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ইন্ডিয়া জোটের নেতারা দ্বারভাঙ্গার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে মহাসড়কের গতিপথ পরিবর্তন এবং ৪০০ বছরের পুরনো মাজারটি রক্ষার দাবিতে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর ভূমি অধিগ্রহণ কার্যালয় কবরস্থানের তত্ত্বাবধায়ককে জানায় যে, ২৪ নম্বর দাগের জমির ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ ৭৬ হাজার ৪৯৩ রুপি নির্ধারণ করা হয়েছে এবং ১৩ সেপ্টেম্বরের মধ্যে জমির কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়। যে পরিবারগুলো সেখানে তাদের প্রিয়জনদের দাফন করেন, তাদের কাছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যেন একটি কবরস্থানেরও এখন মূল্য নির্ধারণ করে দেওয়া হলো। তবে ৩০ সেপ্টেম্বর বিহার রাজ্য সংখ্যালঘু কমিশন এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দেয় এবং নকশা পরিবর্তনের পরামর্শ দেয়।
বিষয়টি এখন পাটনা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেখানে মো. নাসিম নামে এক ব্যক্তি রাজ্য সরকার ও জাতীয় মহা সড়ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করে একটি রিট আবেদন করেছেন।
গত ১৯ নভেম্বর শুনানিতে রাজ্যের আইনজীবী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় চান এবং জানান যে বিশেষজ্ঞরা সড়কের গতিপথ পরিবর্তনের দাবিটি পুনরায় খতিয়ে দেখতে পারেন। বিচারপতি অজিত কুমার মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন।
উল্লেখ্য, এটি একটি বেশ বড় প্রকল্প। ২০২২ সালের জানুয়ারিতে ৪৯৫ দশমিক ১৬ কোটি রুপি ব্যয়ে ৩৯ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল। আপাতত মাজার, কবরস্থান এবং এর সামনে অবস্থান নেওয়া মানুষগুলো একটি চূড়ান্ত সমাধানের অপেক্ষায় প্রহর গুনছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন