প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যা মামলার জেরে বাদীপক্ষের এক মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পুরান বাজার থেকে থানায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন বিথী আক্তার (৩৫)। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিহত আবুল কালাম আকনের মেয়ে।
পরিবারের অভিযোগ, জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ জুলাই দুপুরে আবুল কালাম আকনের (৬৫) বসতঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় তার ভাই মজিবর আকন ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল আক্তার (৫৪) বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মজিবর আকনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিপক্ষের লোকজন বাদীপক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে বিথী আক্তার ও তার বোন শিউলী আক্তার বাড়ি থেকে ইজিবাইকে করে পুরান বাজার হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুই যুবক একই ইজিবাইকে ওঠে। কিছু দূর যাওয়ার পর তারা লোহার রড দিয়ে বিথীর মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত বিথী আক্তার বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আমাদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি চাই।”
নিহতের আরেক মেয়ে শিউলী আক্তার বলেন, “আমি ও আমার বোন থানায় জিডি করতে যাচ্ছিলাম। পথেই দুই অজ্ঞাত যুবক ইজিবাইকে উঠে হামলা চালায়। আমাদের বাড়িতে এখন কোনো পুরুষ সদস্য নেই। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “নিহত আবুল কালাম আকনের মেয়ের ওপর হামলার অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্ত মজিবর আকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
শাওন বল
মাদারীপুর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন