প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা প্রসঙ্গে ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, "আওয়ামী লীগকে দমন করা বিরোধী দলের দায়িত্ব নয়; এটি সরকারের সাংবিধানিক দায়িত্ব।"
শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং ছাত্রশিবিরের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম সাদ্দাম জানান, "আমরা আমাদের জায়গা থেকে মাঠে আছি, প্রতিবাদ জানিয়েছি। লীগ দমন করা কোনো বিরোধী দলের কাজ নয়। সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখবে, আর আমরা গিয়ে মারামারি করে ফৌজদারি অপরাধ করব—এমনটা তো হতে পারে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে।"
তিনি আরও বলেন, "সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা চায় এবং একসঙ্গে প্রতিরোধের আহ্বান জানায়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব হবে।"
শিবির সভাপতি এ সময় উল্লেখ করেন, "আমি কর দেব, সেই করের টাকায় সরকার অস্ত্র কিনবে, পুলিশ পালন করবে, আবার আমিই গিয়ে মারামারি করব—এটা তো হতে পারে না। আগে প্রশাসন ব্যবস্থা নেবে। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সরকার যদি তা না পারে, তাহলে পদত্যাগ করুক। যারা পারবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি সাথী শাখার সভাপতি জুবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাকিল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আউয়াল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অহিদুল রহমান, মোকাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক হুমায়ূন কবির এবং বুড়িচং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন