প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে ফিলিস্তিনি জনগণের প্রতি দেওয়া এক বার্তায় তিনি এই সমর্থনের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে, যা ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে।
তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় এই দিবসের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর এবং ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির দায়িত্ব রয়েছে, যার মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।
ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করার পাশাপাশি দখলদারত্বের অবসানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানান।
গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান তারেক রহমান। তিনি বলেন, এ মিশনের সুস্পষ্ট দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে তারা নিজস্ব স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন