প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার সকালে তাঁর গ্রামের বাড়ি ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে তারেক মাসুদ ফাউন্ডেশন। অনুষ্ঠানে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সেখানে তারেক মাসুদ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন, বিশেষ করে তারেক মাসুদের বৃদ্ধা মা নুরুন্নাহার মাসুদও উপস্থিত ছিলেন।
তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ এই উপলক্ষে বলেন, ‘আমার মনে বড় কষ্ট। আমি চেয়েছিলাম তারেকের নামে গ্রামের বাড়িতে একটি জাদুঘর হবে। জাদুঘরটি আমি নিজ হাতে সাজাবো। এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। সরকারের কাছে আর কিছুই চাই না। আমার তারেক খাইয়া না খাইয়া ছবি তৈরি করেছে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। এই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর, ভাঙ্গা নাগরিক কমিটির সদস্য সুভাষ মন্ডল, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ প্রমুখ।
তাদের মধ্যে মোসায়েদ হোসেন ঢালী বলেন, তারেক মাসুদ যা চেয়েছিলেন, তা আমরা কোনো কিছুই পাইনি। আজ সংস্কৃতি জগৎ দখল করেছে নানা অপসংস্কৃতি, সংস্কৃতির সুস্থ চর্চার বিপরীতে। চলচ্চিত্র নির্মাতারা যদি তারেক মাসুদের চিন্তা চেতনাকে অনুসরণ করেন, তবেই আমাদের সার্থকতা আসবে। তিনি ভাঙ্গা গোলচত্বরের নামকরণ তারেক মাসুদের নামে করার দাবি করেন।
স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ বলেন, আমাদের অনেক আশা ছিল তারেক মাসুদের গ্রামের বাড়িতে একটি অডিটোরিয়াম হবে, চলচ্চিত্র পাঠশালা হবে। তবে আজও পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি এবং তারেক মাসুদের সঠিক মূল্যায়ন করতে পারিনি।
ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক মো. সরোয়ার হোসেন সরকারের কাছে দাবি জানান, তারেক মাসুদের স্মৃতি রক্ষার্থে তাঁর গ্রামের বাড়িতে যেনো চলচ্চিত্র জাদুঘর নির্মাণ করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ মৃত্যুবরণ করেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গার নুরপুর গ্রামে তারেক মাসুদ জন্মগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন