প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহানবী (সা.)-এর যুগে বিয়ে, তালাক, একাধিক বিয়ে কিংবা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর পুনর্বিবাহ—এসব বিষয় ছিল সমাজের স্বাভাবিক বাস্তবতা। কোনো নারীর তালাকপ্রাপ্ত হওয়া তাঁর মর্যাদাহানির কারণ হিসেবে বিবেচিত হত না। বরং তাঁরা নতুন করে সংসার গড়ার সুযোগ পেতেন সম্মানের সঙ্গে। সাহাবিদের মধ্যে এমন অনেক উদাহরণ রয়েছে, যাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছিল তালাকের মাধ্যমে।
এদের মধ্যে আবু বকর, ওমর ইবনুল খাত্তাব ও জুবাইর ইবনুল আওয়াম (রা.)-এর মতো বিশিষ্ট সাহাবিরাও অন্তর্ভুক্ত ছিলেন। তাঁদের পরিবারেও তালাক ও পুনর্বিবাহের ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের একটি ঘটনা বিশেষভাবে শিক্ষণীয়।
ফাতিমা বিনতে কায়স (রা.) ছিলেন মক্কার অধিবাসী। ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। তাঁর প্রথম স্বামী ছিলেন আবু আমর ইবনে হাফস আল-মাখজুমি। স্বামী তাঁকে প্রথমে দুই তালাক দেন। পরে একটি অভিযানে বের হওয়ার পর নিজের প্রতিনিধি আইয়াশ ইবনে আবি রাবিয়া (রা.)-এর মাধ্যমে তাঁকে তৃতীয় তালাকের খবর পাঠান। এভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। তালাকের পর আবু আমর তাঁর সাবেক স্ত্রীর জন্য পাঁচ সা যব ও পাঁচ সা খেজুর পাঠান। কিন্তু ফাতিমা বিনতে কায়স (রা.)-এর প্রশ্ন ছিল, এখন তিনি কোথায় থাকবেন? স্বামীর ঘর ছেড়ে যাওয়ার পর ইদ্দত পালন করবেন কোথায়? তাঁর ভরণপোষণ ও বাসস্থানের ব্যবস্থা কীভাবে হবে?
স্বামীর প্রতিনিধি এ বিষয়ে কিছু জানেন না বলে জানালে ফাতিমা (রা.) অসন্তুষ্ট হন। তিনি বলেন, ‘আল্লাহর কসম! যদি আমার ভরণপোষণ ও বাসস্থানের অধিকার থাকে, তাহলে আমি তা অবশ্যই দাবি করব। আর এই খাবার আমি গ্রহণ করব না।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৪৪)
এরপর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন। তাঁর কথা শুনে রাসুলুল্লাহ (সা.) তাঁকে জানান, যেহেতু তাঁর স্বামী তাঁকে চূড়ান্তভাবে তালাক দিয়েছেন, তাই এ অবস্থায় তাঁর সাবেক স্বামীর ওপর আগের মতো ভরণপোষণ ও বাসস্থানের দায়িত্ব বর্তাবে না। এরপর কোথায় ইদ্দত পালন করবেন, সে বিষয়ে রাসুলুল্লাহ (সা.) তাঁকে পরামর্শ দেন। প্রথমে তিনি ফাতিমা (রা.)-কে উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে যেতে বলেন। উম্মু শুরাইক ছিলেন সম্পদশালী আনসারি নারী। তিনি আল্লাহর পথে প্রচুর দান করতেন এবং তাঁর বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৩৭)
তবে পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে সেখানে না গিয়ে অন্য জায়গায় ইদ্দত পালনের নির্দেশ দেন। কারণ উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে অনেক মানুষের যাতায়াত ছিল। এতে ফাতিমা (রা.)-এর পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হতে পারত। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁকে তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-এর বাড়িতে ইদ্দত পালনের পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)
ইদ্দত শেষে ফাতিমা বিনতে কায়স (রা.)-এর কাছে একাধিক সাহাবি বিয়ের প্রস্তাব পাঠান। তিনি বিষয়টি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে পরামর্শ করতে যান। রাসুলুল্লাহ (সা.) জানতে চান, কারা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তিনি জানান, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রা.) ও আবু জাহম (রা.) তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন।
রাসুলুল্লাহ (সা.) তাঁদের সম্পর্কে নিজের জানা তথ্যের ভিত্তিতে ফাতিমা (রা.)-কে পরামর্শ দেন। তিনি বলেন, ‘মুয়াবিয়া তো একজন দরিদ্র ব্যক্তি, তাঁর কোনো সম্পদ নেই। আর আবু জাহম নারীদের প্রতি কঠোর আচরণ করেন—তিনি তাঁর কাঁধ থেকে লাঠি নামান না।’ অর্থাৎ তাঁর স্বভাব ও আচরণ দাম্পত্য জীবনের জন্য অনুকূল নাও হতে পারে। এরপর রাসুলুল্লাহ (সা.) তাঁকে উসামা ইবনে জায়েদ (রা.)-কে বিয়ে করার পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০; সুনানে নাসায়ি, হাদিস : ৩২৪৪)
উসামা ইবনে যায়িদ (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় সাহাবি। তিনি তাঁকে এতটাই ভালোবাসতেন যে একবার বলেছিলেন, ‘যে আমাকে ভালোবাসে, সে যেন উসামাকেও ভালোবাসে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪২৬)
তবু ফাতিমা বিনতে কায়স (রা.) প্রথমে উসামা (রা.)-কে বিয়ে করতে আগ্রহী ছিলেন না। কারণ তাঁর মনে এ বিয়ের ব্যাপারে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর পরামর্শের প্রতি আস্থা রেখে শেষ পর্যন্ত তিনি সম্মত হন। এমনকি তিনি নিজের বিয়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার বিয়ের বিষয়টি আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। আপনি যাঁর সঙ্গে ইচ্ছা আমাকে বিয়ে দিন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)
পরবর্তী সময়ে এ বিয়ে তাঁর জীবনে অত্যন্ত কল্যাণকর হয়ে ওঠে। ফাতিমা বিনতে কায়স (রা.) নিজেই তাঁদের দাম্পত্য জীবনের বরকতের কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহ আমাদের এ দাম্পত্য জীবনে এত বরকত দান করেছেন যে, অন্যরা আমাদের প্রতি ঈর্ষা করত।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২২৮৪)
ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের এ ঘটনা আমাদের সামনে ইসলামের এক গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা তুলে ধরে। তালাক কোনো নারীর জীবনের সমাপ্তি নয়, তাঁর মর্যাদারও অবসান নয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও একজন নারীর সম্মান, অধিকার ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা অটুট থাকে। রাসুলুল্লাহ (সা.) শুধু একজন তালাকপ্রাপ্ত সাহাবির ইদ্দত পালনের ব্যবস্থা করেননি; বরং তাঁর পুনর্বিবাহের বিষয়েও আন্তরিক পরামর্শ দিয়েছেন। পাত্রদের ভালো-মন্দ দিক বিবেচনা করে তাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন