প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে নিম্নমানের পণ্য ব্যবহার, পরিমাণে কম কাজ, নামমাত্র কার্যক্রম এবং ঠিকাদারের নামে নিজে কাজ সম্পন্ন করে বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে, দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেনকে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার তিনি তদন্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুব শিগগিরই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে চলতি মাসের ১১ তারিখ পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া কোথাও নির্ধারিত পরিমাণ কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এর ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ২০২৫-২০২৬ অর্থ বছরে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদে ১৪ লাখ ২৬ হাজার ১০০ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২ টি ইউড্রেনে ৩ লাখ, শহীদ মিনার নির্মাণে ১ লাখ ৬৯ হাজার ৪০০, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহে সাড়ে ৪ লাখ, স্কুলে ফ্লোরমেট সরবরাহে ৩ লাখ ৫৭ হাজার ৪০০, এবং কালভার্ট নির্মাণে ১ লাখ ৪৯ হাজার ৩০০ টাকার স্ক্রীম গ্রহণ করা হয়েছে।
একই অর্থ বছরে পরিষদের এক শতাংশ খাতের আওতায় ১০ লাখ ৬০ হাজার টাকায় ৬ টি স্ক্রীমে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। নিয়মানুযায়ী আরএফকিউ করে মেসার্স লাবিবা ট্রেডার্সকে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দেখানো হলেও প্রকল্পের বাস্তবায়ন করেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোরমেট ৩ লাখ ৫৭ হাজার টাকার বরাদ্দে ৫ হাজার ৯১৩ স্কয়ার ফুট দেওয়ার কথা থাকলেও পরিষদের নথিপত্র ও সরজমিনে দেখা গেছে, ১২ টি বিদ্যালয়ে ৩ হাজার ৯৪৬ স্কয়ার ফুট বিতরণ করা হয়েছে। সাড়ে ৪ লাখ টাকায় ৪৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে, যার দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা জোড়া। কিন্তু উঁচু বেঞ্চ ৪ ফুট এবং নিচু বেঞ্চ ৫ ফুট বিতরণ করা হলেও বাজার মূল্য ৩ হাজার ৩০০ থেকে ৫০০ টাকা। তাছাড়া কুচিয়ামোড় বান্দেরপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় বেঞ্চ প্রদান করা হয়নি।
কুচিয়ামোড় উত্তরপাড়া ব্রীজের দুপাশে মাটি ভরাট বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় জহিরুল জানিয়েছেন দুই দফায় ১৩ টলি মাটি ভরাট করা হয়েছে। ঠুনিরডাঙ্গা ও বৈরাগীপাড়ায় দুইটি ইউড্রেনে ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি ইউড্রেনে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করা হয়েছে।
ঠুনিরডাঙ্গা ইউড্রেনের বাস্তবায়ন করছেন ইউপি সদস্য রবিউল ইসলাম, তিনি দেড় লাখ টাকার বরাদ্দের মধ্যে ১ লাখ ২ হাজার টাকা পেয়েছেন বলে জানান। তবে তার কাছে আর কোন টাকা প্রদান করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন