প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তির বিকাশ এবং সাহিত্যচর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করার উদ্দেশ্যে সিরাজগঞ্জের কাজিপুরে পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
১৫ নভেম্বর দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম। পাঠচক্রে বই পড়ার গুরুত্ব, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক টি এম জাহিদুল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, মনসুর আলী কলেজের প্রদর্শক হাসান মাহমুদ, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগঠক মো. শফিকুল ইসলাম। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য, কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পাঠচক্রে অংশগ্রহণ করেন।
আলোচকরা উল্লেখ করেন, বই মানুষের প্রকৃত বন্ধু। নিয়মিত বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাহিত্যচর্চা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
পাঠচক্রের মূল আলোচনায় ছিল কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের তিনটি জনপ্রিয় বই—‘ভালোবাসা-১’, ‘বৃষ্টি নেমেছিল’ ও ‘সাদা ঘোড়ার সওয়ারি’। বইগুলোর গল্প, চরিত্র, বিষয়বস্তু ও লেখনীশৈলী নিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত ও অনুভূতি তুলে ধরেন। এ সময় বই পড়ার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাহিত্য নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠের আগ্রহ তৈরি এবং বইকেন্দ্রিক সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের পাঠচক্র আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন