প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে মো: মাহফুজুর রহমান সবুজকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি একই বিভাগের উপ-পরিচালক হিসেবে ১৬ বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। স্মারক নং পবিপ্রবি/প্রশা-১৯১/অ-১৩/০৪/৩০০৭ তাং২৩/১১/২৬। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি লাভ করবেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর, তিনি ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের 'জনসংযোগ কর্মকর্তা' হিসেবে যোগদান করেন। এরপর ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, পরবর্তী ৫ বছর পর পরিচালক পদে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তৎকালীন দুর্নীতি পরায়ন প্রশাসনের সময় (ভিসি হারুনর রশীদ) রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।
তিনি ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (Post Graduate Diploma in journalism) অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) কর্তৃক আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে, তিনি দীর্ঘদিন জাতীয় "দৈনিক দিনকাল" ও 'দৈনিক মুক্তকন্ঠ' পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। তিনি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা "সাগরকন্যা" সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পটুয়াখালী প্রেসক্লাবের ৩ বার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে, তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন