প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় চাঁদা না দেওয়ার কারণে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাত (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পুকুর থেকে ওই পরিচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং লিডার ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেছিলেন।
নিহত রেদোয়ান হোসেন রিফাত মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশে একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সজিব কিশোর গ্যাং লিডার। তিনি এলাকার আতঙ্ক হয়ে উঠেছেন। এতগুলো অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হয় না।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "চাঁদা না দেওয়ার কারণে আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছে। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলে কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ার কারণে সেদিন একদফা মারধরের পর ভাবছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?"
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, "আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক সজীবকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন