প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করা নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তবে জেলা প্রশাসনের উদ্দেশ্যে করা প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে রেহেনা বেগম উর্মিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মনোয়ার, যিনি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেছেন, এ বিষয়ে একটি সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান রয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, সোমবার (২৯ জুন) অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার (৩০ জুন) দুই পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এর আগে সোমবার অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেছেন, তাকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানার পর তিনি টাকা ফেরত চাইতে গেলে বিষয়টি অস্বীকার করা হয়। এর পর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
তবে ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ওই নারীকে চেনেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছে এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।
উল্লেখ্য, গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন